post_top_ad

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান-২০২৬” এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ২:১৩ পূর্বাহ্ন

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান-২০২৬”-এর শুভ উদ্বোধন ও একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক, এএফডব্লিউসি, এনডিসি, পিএসসি, কমান্ডার, ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মিস শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আমিনুর রহমান (পিএসসি), খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই কাজী মোস্তফা আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আফছার এবং বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া।

এছাড়াও খাগড়াছড়ি সেনানিবাসের বিভিন্ন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় “বৃক্ষরোপণ অভিযান-২০২৬”-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সারাদেশে চলমান সবুজায়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়।

পরবর্তীতে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, বরং পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। “বৃক্ষরোপণ অভিযান-২০২৬” তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

post_bottom_ad