post_top_ad

কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ১২ হাজার ১০০ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, কক্সবাজার
প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পরিচালিত পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১২ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি, একটি মোটরসাইকেল এবং কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, গত ১১ জুন কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুখাল চেকপোস্টে তল্লাশির সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজির দুই যাত্রী মো. শাহ জালাল (২১) ও মো. সোনা মিয়াকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের দেহে বহন করা ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত দুটি বাটন মোবাইলও জব্দ করা হয়।

অন্যদিকে, ১২ জুন সকালে মরিচা বাজার থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে মো. শাহনেওয়াজ (১৮) ও মো. আলমগীর (২৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। মোটরসাইকেলের বিভিন্ন স্থানে কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

একই দিন সকাল ৯টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে চালক মো. জুনায়েদ (১৯)-কে আটক করা হয়। সিএনজির চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

post_bottom_ad