ধুনটে মাদকবিরোধী অভিযানে সাবেক যুবলীগ নেতার স্ত্রী আটক
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সাবেক এক যুবলীগ নেতার স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে আটক পারুল খাতুনকে (৩৫) আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা রিপন মিয়ার স্ত্রী।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ উপজেলার মাধবডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় রিপন মিয়া ও তার স্ত্রী পারুল খাতুন নিজ বাড়িতে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মিয়া পালিয়ে গেলেও পারুল খাতুনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মামলা সূত্রে আরও জানা যায়, রিপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের নথিতে উল্লেখ রয়েছে। ২০০৮ সালে মাদকের একটি বড় চালানসহ তিনি গ্রেফতার হন। এরপর বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়ের হয়। পুলিশের তথ্যমতে, ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
পুলিশের দাবি, রিপন মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ অভিযানে ইয়াবাসহ পারুল খাতুনকে আটক করা হয় এবং এ ঘটনায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় পারুল খাতুনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামি রিপন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

