জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত চা শ্রমিক পরিবার
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষ মারা গেছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রসহ বৃষ্টিপাতের সময় মাঠে থাকা চা শ্রমিকদের ১৩টি গরু এবং পাথরটিলা এলাকার একটি মহিষ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবারই চা শ্রমিক। তাদের জীবিকা ও আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অবলম্বন ছিল এসব গবাদিপশু। আকস্মিক এ ক্ষতিতে পরিবারগুলো চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
ঘটনার খবর পেয়ে চেয়ারম্যান আব্দুল কাইয়ূম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। তিনি ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দীন মিঠু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তাদের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও তিনি জানান।
স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব অসহায় পরিবারের জন্য দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

