জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা কমলগঞ্জের টমটম চালক সাব্বির মিয়া
আনারস কেনার কথা বলে ভাড়া, পরে টমটম নিয়ে উধাও! শ্রীমঙ্গলে চালকের একমাত্র আয়ের উৎস চুরি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক টমটম চালকের ব্যাটারিচালিত মিনি টমটম ভাড়া করে নিয়ে প্রতারণার মাধ্যমে চুরি করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর নগর এলাকার বাসিন্দা সাব্বির মিয়া (১৮) জীবিকার তাগিদে একটি ব্যাটারিচালিত মিনি টমটম চালিয়ে আসছিলেন। গত ১১ জুন সকালে ভানুগাছ ১০ নম্বর মডার্ন দোকানের সামনে এক অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে শ্রীমঙ্গল থেকে আনারস কেনার জন্য যাওয়ার কথা বলে। এ জন্য তিনি সাব্বিরকে ৮০০ টাকা ভাড়া দেওয়ার প্রস্তাব দেন।
সাব্বির মিয়া তার প্রস্তাবে রাজি হয়ে ওই ব্যক্তিকে নিয়ে শ্রীমঙ্গল স্টেশন রোডের মাছ বাজার এলাকায় যান। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর সুযোগ বুঝে অজ্ঞাত ব্যক্তি চালকের চোখ ফাঁকি দিয়ে তার টমটমটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে বিষয়টি জানতে পেরে সাব্বির মিয়া ও তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান পাননি। এরপর তিনি শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
চুরি হওয়া টমটমটি নেভি ব্লু রঙের ব্যাটারিচালিত মিনি টমটম। এতে ৪টি ব্যাটারি রয়েছে। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।
ভুক্তভোগী সাব্বির মিয়া জানান, “গাড়িটিই আমার পরিবারের আয়ের একমাত্র উৎস। কেউ যদি গাড়িটির সন্ধান পান, তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন।”
যোগাযোগ: ০১৩২৩৬৯৩২০৬

