হবিগঞ্জ জেলা সীমান্তে পুশ ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি
হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বিএসএফের পুশ-ইন অপপ্রচেষ্টা মোকাবিলায় ৫৫ বিজিবি ব্যাটালিয়ন জেলার ১০৩ কিঃমিঃ সীমান্ত এলাকায় কঠোর অবস্থান গ্রহণ করেছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির সাথে জেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, স্থানীয় কৃষক, চা বাগানের কর্মী ও খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি হয়েছে। পুশ ইন প্রতিরোধে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত রক্ষায় একযোগে কাজ করছে।
সম্প্রতি ভারত থেকে পুশ-ইনের প্রচেষ্টা বৃদ্ধি পাওয়ায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন টহল, গোয়েন্দা নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জনগণের সাথে নিয়মিত উঠান বৈঠক, মাইকিং এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি শক্তিশালী সমন্বয় গড়ে তোলা হয়েছে। স্থানীয় চা শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে বিজিবির সাথে যুক্ত হয়ে পুশইন প্রতিরোধে ও এ সংক্রান্ত তথ্য প্রদানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে হবিগঞ্জ সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো পুশইন বা অবৈধ অনুপ্রবেশ ঘটতে পারেনি।
উল্লেখ্য যে, গত ২৭ ও ২৮ জুন ২০২৬ তারিখ রাতে ও ভোরে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া এবং গুইবিল সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে বিএসএফের সিকিউরিটি লাইট বন্ধ করে একাধিক পুশ-ইনের অপ প্রচেষ্টা বিজিবির দক্ষ টহলদল তাৎক্ষণিকভাবে সীমান্ত শূন্য লাইনে প্রতিহত করেছে। সীমান্ত সংলগ্ন এলাকাবাসীদের সতর্ক অবস্থান ও তথ্যের ভিত্তিতে টহলদল দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিতে সক্ষম হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, হবিগঞ্জ সীমান্তে আমরা একা নই। বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি, স্থানীয় কৃষক, চা শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সবাই একসাথে একটি অটুট সেতুবন্ধন গড়ে তুলেছি। দেশের সীমান্ত রক্ষায় সকল শ্রেণী-পেশার মানুষের এই দেশপ্রেমই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি ইঞ্চি সীমান্ত পাহারা দিচ্ছি। যেকোনো ধরনের পুশ-ইন বা অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বর্তমানে হবিগঞ্জ জেলা সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

