post_top_ad

কলেমাকে রাজনৈতিক প্রদর্শনের বস্তু বানানো উচিত নয়: আল্লামা ইমাম হায়াত

মহিউদ্দিন চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

 মানবতার রাজনীতির দল ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব’-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, পতাকায় কলেমা লিখে মিছিল করা কলেমার প্রকৃত শিক্ষা নয়; বরং এর মাধ্যমে কলেমার মর্যাদা ক্ষুণ্ন হয়। তিনি বলেন, “কলেমা হলো স্রষ্টার প্রতি আত্মসমর্পণের ঘোষণা। এটিকে রাজনৈতিক মিছিল বা প্রদর্শনের বস্তুতে পরিণত করা ইসলামের পবিত্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামের পবিত্র প্রতীকগুলোকে রাজনৈতিক প্রদর্শনী বা উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহার করা অনাকাঙ্ক্ষিত। ধর্মের নামে উগ্রবাদী কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে বলেও তিনি মন্তব্য করেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, জীবন, ধর্ম, রাষ্ট্র ও গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত না হলে রাষ্ট্র একক গোষ্ঠীকেন্দ্রিক, সাম্প্রদায়িক ও স্বৈরতান্ত্রিক রাজনীতির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সকল মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করতে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সব ধর্ম, মত ও পথের মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ভিত্তিতে ‘ইনসানিয়াত বিপ্লব’-এ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

post_bottom_ad