চাঁদা দিতে বাধা দেওয়ায় যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবিতে বাধা দেওয়ায় রাজশাহী মহানগর যুবদল বোয়ালিয়া থানা পশ্চিমের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুলিপের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার পর হামলাকারীরা দলীয় ব্যানার ব্যবহার করে ঘটনা আড়ালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
গত ২৭ মে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, ফুটপাত ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করলে তুলিপ তাতে বাধা দেন। এরপর নিজ দোকানে দলীয় ব্যানার ঝোলানোর সময় একদল অস্ত্রধারী যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তুলিপ রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রামেক হাসপাতালের চিকিৎসকরা জানান, তুলিপের মাথায় ২৭টি সেলাই দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
তুলিপের স্ত্রী সেলিনা বেগম অভিযোগ করেন, “বেশ কিছুদিন ধরে চাঁদাবাজরা হুমকি দিচ্ছিল। ঈদের আগের দিন আমার স্বামীর ওপর এভাবে হামলা হবে ভাবিনি।” তিনি হেলাল, শান্ত, সৌরভ, আলম, রোহান ও পিয়াস নামে কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ করেন।
ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব ও সিটি করপোরেশন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রবি। তিনি বলেন, “ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। কোনো অন্যায়কারী, সন্ত্রাসী বা চাঁদাবাজ ছাড় পাবে না।”
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “হামলার বিষয়টি লোকমুখে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তুলিপের স্ত্রী জানান, বৃহস্পতিবার রাতেই থানায় এজাহার দায়ের করা হয়েছে।
সাহেব বাজারের মতো ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে এ ধরনের হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

